মাথাভাঙ্গা, ৬ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা বাড়ছে মাথাভাঙ্গা এলাকায়। রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান অশ্বিনী দেব সিংহ-এর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে ভোট প্রচার সংক্রান্ত একটি বৈঠক থেকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন অশ্বিনী দেব সিংহ। অভিযোগ, রাত প্রায় আড়াইটে নাগাদ দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়।
তিনি যে ঘরে ঘুমাচ্ছিলেন, সেই ঘরের টিনের বেড়ায় জোরে আঘাত করা হয়, এমনকি একটি টিন ভেঙেও যায়। আচমকা শব্দে ঘুম ভেঙে গেলে অশ্বিনী বাবু ও তাঁর ছোট ছেলে কিশানজিৎ চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরাও জেগে ওঠেন। এরই মধ্যে দুষ্কৃতীরা মোটরবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
প্রসঙ্গত, অশ্বিনী দেব সিংহ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রধান হন। তবে প্রায় আট মাস আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁর দাবি, সম্প্রতি তাঁর উদ্যোগে বেশ কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। সেই কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের কোচবিহার জেলা কমিটির সদস্য বিকাশ বর্মন বলেন, “তৃণমূল মাথাভাঙ্গায় জিততে পারবে না জেনেই নিজেদেরাই এই ঘটনা ঘটিয়ে বিজেপিকে দোষারোপ করছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের ঘটনা রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা।





