কামারহাটি, ২৪ জুলাইঃ পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। বুধবার ও বৃহস্পতিবার দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্রের হাজিরার পর শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সকাল ১১টা নাগাদ ছোট ছেলে শুভরূপকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে ঢোকেন অর্চনা। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই সোজা তদন্তকারীদের কক্ষে চলে যান তিনি।
কয়েক দিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের দাবি, টিটাগড় পুরসভায় অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগের অভিযোগের সূত্র ধরেই মদন মিত্র ও তাঁর পরিবারের নাম উঠে এসেছে তদন্তে। সেই সূত্রেই একাধিক নথি-সহ পরিবারের সদস্যদের হাজিরা দিতে বলা হয়।
বুধবার প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ছোট ছেলে শুভরূপ মিত্রকে। পরদিন ইডি দপ্তরে হাজির হন বড় ছেলে স্বরূপ মিত্র। জিজ্ঞাসাবাদ শেষে তিনিই জানিয়েছিলেন, শুক্রবার তাঁর মা তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন। সেই মতো এদিন অর্চনা মিত্রও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন। ইডি সূত্রের খবর, আর্থিক লেনদেন, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য এবং মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।
ইডির অভিযোগ, টিটাগড় পুরসভায় প্রায় ১২৫ জনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। সেই অভিযোগের তদন্তে আগেই মদন মিত্রের বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। একই মামলায় আগামী ২৯ জুলাই ফের হাজিরা দেওয়ার কথা মদন মিত্রের। তার আগে পরিবারের সদস্যদের ধারাবাহিক জিজ্ঞাসাবাদ তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায় বলেই মনে করছে তদন্তকারী মহল।





