কলকাতা, ১ জুনঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সিআইডির তলবে সাড়া দিয়ে ভবানীভবনে হাজির হলেন না। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তকারী সংস্থার কাছে অতিরিক্ত সময় চেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
শনিবার সোনারপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ ও হামলার মুখে পড়েন। ওই ঘটনায় তাঁর চোয়াল, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। তাঁর একাধিক শারীরিক পরীক্ষা এখনও বাকি রয়েছে বলেও সূত্রের দাবি।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে তিনি ইমেলের মাধ্যমে তদন্তকারীদের জানিয়েছেন যে বর্তমান শারীরিক অবস্থায় হাজির হওয়া সম্ভব নয়।আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই তিনি কয়েক সপ্তাহ সময় চেয়েছেন বলে খবর।
দলীয় সূত্রের দাবি, হামলার পর তাঁর চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হবে। সেই কারণেই আপাতত বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।
এদিকে, রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চর্চা অব্যাহত রয়েছে।বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত স্বাক্ষর জালিয়াতির অভিযোগের তদন্তে সিআইডির তৎপরতা বাড়লেও, অভিষেকের অসুস্থতার কারণে তাঁর জিজ্ঞাসাবাদ আপাতত পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তকারী সংস্থা তাঁর সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের।





