কলকাতা, ২ জুনঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সই জালিয়াতি মামলার তদন্তে তৎপরতা বাড়াল সিআইডি। সোমবার ভবানীভবনে হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তদন্তকারীদের কাছে ১৫ দিনের সময় চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর মধ্যেই তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় সিআইডির একটি দল।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, বাড়ির বাইরের অংশ এবং আশপাশের পরিস্থিতির ভিডিওগ্রাফি করা হয়েছে। তদন্তে কোনও খামতি না রাখতেই সমস্ত বিষয় ক্যামেরাবন্দি করা হচ্ছে বলে দাবি সিআইডির। যদিও দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তদন্তকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেননি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত নথিতে একাধিক তৃণমূল বিধায়কের স্বাক্ষরে গরমিল ধরা পড়ার পর বিধানসভার সচিব থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। ইতিমধ্যে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে। একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হাজিরার নির্দেশ দেওয়া হয়।
তবে শনিবার সোনারপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে হামলার মুখে পড়েন অভিষেক। ডিম, জুতো এবং ইট ছোড়ার পাশাপাশি তাঁর উপর শারীরিক হেনস্থার অভিযোগও ওঠে। ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন বলে দলীয় সূত্রের দাবি।
আইনজীবীদের পরামর্শ অনুযায়ী অভিষেক সিআইডির কাছে সময় চেয়ে আবেদন করেছেন। সেই আবেদনের পরই তদন্তকারীদের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন সিআইডি তাঁর সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করে কি না এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে।





