খবরিয়া ২৪ ডেস্ক, ১ জানুয়ারি: শিলিগুড়িতে সেনার পোশাক পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে পুলিশের জালে পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া এলাকার একটি শপিং মলে। ধৃতের নাম ভবেশ ঘাটানি। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তি সেনাবাহিনীর পোশাক পরে শপিং মলের ভিতরে ঘোরাফেরা করছিলেন। তাঁর আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নজরে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন উইনার্স বাহিনীর।
মলে ডিউটিতে থাকা উইনার্স বাহিনীর পুলিশকর্মীরা প্রথমে ভবেশ ঘাটানিকে জিজ্ঞাসাবাদ করেন। সেনাবাহিনীর পরিচয় সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হলে তাঁর উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। কখনও নিজেকে সক্রিয় সেনা সদস্য, আবার কখনও অবসরপ্রাপ্ত বলে দাবি করেন তিনি। সেনাবাহিনীর ইউনিট, পোস্টিং কিংবা পরিচয়পত্র সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ তাঁকে আটক করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। থানায় নিয়ে গিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ধৃত ব্যক্তি আদৌ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে কোনও নথি দেখাতে পারেননি। তাঁর কাছ থেকে সেনার পোশাক উদ্ধার করা হয়েছে এবং সেই পোশাক কোথা থেকে সংগ্রহ করা হয়েছে,তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনার পিছনে কোনও প্রতারণা, ভুয়ো পরিচয় দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা অথবা অন্য কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়ি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা হওয়ায় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ। ফলে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
আজ ধৃত ভবেশ ঘাটানিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করার আর্জি জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনার পর শপিং মল ও জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।





