শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ শিলিগুড়ির এসডিও (সাব ডিভিশনাল অফিসার) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা প্রশাসনিক মহলে। বৃহস্পতিবার আচমকাই কার্যালয়ের একটি অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত বিষয়টি দমকল বিভাগকে জানানো হলে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বড়সড় কোনও হতাহতের খবর নেই, যা স্বস্তির। তবে আগুনে কার্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, ফাইল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই এসডিও কার্যালয়ে পৌঁছান শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং এসডিও সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়েও নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের পর বিধায়ক শংকর ঘোষ বলেন,“সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা অত্যন্ত জরুরি। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যেখানে এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ কাজ চলছে, সেখানে হঠাৎ করে আগুন লাগার ঘটনা শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, সেটাও তদন্তের আওতায় আনা উচিত।”
ঘটনার জেরে সাময়িকভাবে কিছু প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে পরিষেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে খবর। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারি দফতরগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।





