কলকাতা, ১৫ মেঃ কলকাতার যাত্রীদের জন্য বড় সুখবর। বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া থেকে আইটি পার্ক (সেক্টর ফাইভ) পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই চালু হতে পারে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। এই পরিষেবা চালু হলে গড়িয়া থেকে সেক্টর ফাইভ হয়ে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানিয়েছেন, “সবকিছু ঠিকঠাক থাকলে এবং কাজ নির্ধারিত গতিতে এগোলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া থেকে আইটি পার্ক পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব হবে। সেখান থেকে যাত্রীরা গ্রিন লাইনের মেট্রোও পেয়ে যাবেন, ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।”
এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চিংড়িঘাটা এলাকায় মেট্রোর কাজ শুক্রবার রাত থেকেই শুরু হচ্ছে। সেই কারণে আগামী দুই সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা আংশিক যান নিয়ন্ত্রণ করা হবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হবে শুক্রবার রাত ৮টা থেকে এবং চলবে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে উত্তরমুখী যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা থাকবে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে চিংড়িঘাটা উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম দিক বন্ধ রাখা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ হবে ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত। তখন দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে এবং ইএম বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকবে।
দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনের কারণে চিংড়িঘাটার ৩৬৬ মিটার অংশের কাজ আটকে ছিল। অবশেষে সেই জট কাটিয়ে নির্মাণকাজ শুরু হওয়ায় খুশি মেট্রো কর্তৃপক্ষ ও যাত্রীরা। মনে করা হচ্ছে, এই অংশের কাজ শেষ হলেই নিউ গড়িয়া থেকে আইটি পার্ক পর্যন্ত অরেঞ্জ লাইনের পরিষেবা চালুর পথ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।
অন্যদিকে, রবিবার ব্লু লাইনের পরিষেবাতেও আংশিক প্রভাব পড়বে। আগামী ১৭ মে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে ট্র্যাফিক ব্লক নেওয়া হবে। ফলে ওই অংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল ব্যবস্থা তৈরির কাজ এবং কবি সুভাষ স্টেশনের সংস্কার ও পুনর্বাসনের জন্য এই ব্লক প্রয়োজন। যদিও সাময়িক অসুবিধা হবে, তবে ভবিষ্যতে উন্নত পরিষেবা পেতে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।





