শিলিগুড়ি, ১৪ মেঃ শহরের ইস্টার্ন বাইপাসে এক অভিনব উদ্যোগে ট্রাফিক সচেতনতার বার্তা দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক গার্ড। হেলমেটবিহীন বাইক আরোহীদের থামিয়ে সচেতন করতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং “যমরাজ” সেজে এক ব্যক্তি। এই অভিনব দৃশ্য মুহূর্তের মধ্যেই পথচলতি মানুষের নজর কেড়েছে।
প্রতিদিন বহু বাইক আরোহী হেলমেট না পড়ে রাস্তায় চলাচল করেন, যার ফলে দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটে। সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব বোঝাতে ট্রাফিক বিভাগ নিয়মিত উদ্যোগ নেয়। তবে আজকের কর্মসূচি ছিল ভিন্নধর্মী। “যমরাজ”-এর মাধ্যমে মৃত্যুর ঝুঁকির বার্তা দিয়ে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
শহরের বাসিন্দারা এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এমন সচেতনতা বৃদ্ধি কর্মসূচি দুর্ঘটনা কমাতে কার্যকর হবে।





