মালদা, ১৪ মেঃ মালদার বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে ঝোপঝাড় থেকে গোপাল সরকার (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের গলায় আঘাতের চিহ্ন থাকায় পরিবারের পক্ষ থেকে খুনের আশঙ্কা করা হচ্ছে। গোপালের বাড়ি হবিবপুর থানার আইহো বক্সীনগর লালচাঁদপুরে।
পরিবারের দাবি, গোপাল একটি ডিস্ট্রিবিউটর সংস্থার সঙ্গে কাজ করতেন। বুধবার সকাল ১০টার দিকে তিনি কাজের জন্য পাকুয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রেল লাইনের ধারে তার দেহ দেখে পুলিশকে খবর দেন।
হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে। মৃতের পরিবার জানায়, তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। স্থানীয় এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।





