কলকাতা, ১৩ মেঃ রাজ্যের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবার তিনি জানান, এবার থেকে রেশন দোকানে আর আটা দেওয়া হবে না। পরিবর্তে কেন্দ্র থেকে যে গম আসবে, তা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। আগামী জুন মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।
খাদ্যমন্ত্রীর কথায়, “সরকারি নিয়ম অনুযায়ী কাজ হবে। রেশনে আটা দেওয়া এবার থেকে বন্ধ। কেন্দ্র যে গম পাঠাবে, সেটাই দেওয়া হবে।” দীর্ঘদিন ধরেই রেশন দোকানে দেওয়া আটার মান নিয়ে অভিযোগ উঠছিল। বহু উপভোক্তার দাবি ছিল, নিম্নমানের আটা সরবরাহ করা হচ্ছে।
এই প্রসঙ্গে অশোক কীর্তনিয়া অভিযোগ করেন, আটাকে ঘিরে একটি বড় চক্র কাজ করত। তাঁর দাবি, “মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা তৈরি করতেন। ময়দা তৈরির পর যে বর্জ্য থাকত, তা আটার সঙ্গে মিশিয়ে দেওয়া হত।” পাশাপাশি তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, কেন্দ্রের পাঠানো গম বদলে নিম্নমানের খাদ্যশস্য সরবরাহের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিম্নমানের খাদ্যদ্রব্যের কারণে অনেক উপভোক্তা রেশন না নিয়ে নগদ টাকা নেওয়ার পথ বেছে নিতেন। তবে আগামী মাস থেকে উন্নতমানের খাদ্যশস্য দেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।
অন্যদিকে, নতুন সরকারের অভিযোগের পালটা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ। তিনি বলেন, “আমাদের সময় কোনও দুর্নীতি হয়নি। সবই নিয়ম মেনেই হয়েছে। নতুন মন্ত্রী সবে দায়িত্ব নিয়েছেন, আরও কিছুদিন দেখুন তারপর মন্তব্য করুন।” রেশন ব্যবস্থার এই পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।





