খবরিয়া ২৪ ডেস্ক, ১৩ মেঃ বিরাট স্বস্তি তামিলগা ভেট্রি কাজাগাম শিবিরে। তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয়। বুধবার অনুষ্ঠিত আস্থা ভোটে তাঁর পক্ষে মোট ১৪৪টি ভোট পড়ে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে যা বিজয় সরকারের জন্য বড় রাজনৈতিক সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু এবারের নির্বাচনে কোনও দল বা জোটই এককভাবে সেই সংখ্যা ছুঁতে পারেনি। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিজয়ের দল টিভিকে। তবে দলটির ঝুলিতে আসে ১০৮টি আসন। পরে দু’টি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হওয়ায় কার্যকরী সংখ্যা দাঁড়ায় ১০৭।
এই পরিস্থিতিতে সরকার গঠনের জন্য একাধিক দলের সমর্থন পায় টিভিকে। ভারতীয় জাতীয় কংগ্রেস -এর পাঁচ বিধায়ক, দুই বাম দলের চার বিধায়ক, পাশাপাশি ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। প্রথমে তাঁর পক্ষে সমর্থন ছিল মোট ১২০ জন বিধায়কের।
তবে আস্থা ভোটে বড় চমক দেয় অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম -এর ‘বিদ্রোহী’ ২৫ জন বিধায়ক। তাঁরা বিজয় সরকারের পক্ষেই ভোট দেন। এর ফলে সংখ্যাটা পৌঁছে যায় ১৪৪-এ। যদিও ভোটদান থেকে বিরত থাকেন চারজন পাত্তালি মাক্কাল কাচ্চি বিধায়ক এবং একজন বিজেপি বিধায়ক।
অন্যদিকে, আস্থা ভোটের সময় বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দ্রাবিড় মুন্নেত্র কাজগম এবং দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগম বিধায়করা। ফলে রাজনৈতিক চাপের মুখে থাকলেও আপাতত বড়সড় ধাক্কা সামলে দিল বিজয় সরকার। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোটের অঙ্কে নির্ভরশীল এই সরকারকে আগামী দিনেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে।





