কলকাতা, ১৩ মেঃ প্রাক্তন মোহনবাগান সুপার জায়ান্ট সভাপতি তথা বিশিষ্ট ক্রীড়া প্রশাসক ও ব্যবসায়ী স্বপন সাধন বসু-এর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের ক্রীড়ামহল। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “মোহনবাগান ক্লাব ও টুটু বোস একে অপরের পরিপূরক ছিলেন। ক্রীড়া প্রশাসনে তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন টুটুবাবু। সোমবার সন্ধ্যায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশিথ প্রামানিক। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে-ও। মুখ্যমন্ত্রীও চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলে জানা গিয়েছে।
তবে মঙ্গলবার গভীর রাতে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন টুটুবাবু। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে বাংলার ক্রীড়াজগতে। শোকজ্ঞাপন করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য-সহ বহু বিশিষ্টজন।
পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে তাঁর মরদেহ প্রথমে বালিগঞ্জের বাসভবনে রাখা হবে। এরপর ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দপ্তরে নিয়ে যাওয়া হবে। পরে তাঁর প্রাণের মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সমর্থকরা। বিকেলে কেওরাতালা শ্মশান-এ সম্পন্ন হবে শেষকৃত্য।





