কলকাতা, ১৩ মেঃ গত বছরের বহুচর্চিত ‘মেসিকাণ্ড’-এর ক্ষত এখনও টাটকা রাজ্যের ক্রীড়াপ্রেমীদের মনে। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার সরব হলেন রাজ্যের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক। দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, গোটা ঘটনার তদন্ত করা হবে এবং কোনও দুর্নীতির প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, “যা হয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়। মেসিকাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছি। সব দিক খতিয়ে দেখা হবে। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে আলোচনা করব। কোথাও দুর্নীতি বা গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর লিওনেল মেসি-কে দেখতে কলকাতার সল্টলেক স্টেডিয়াম-এ ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কিন্তু অতিরিক্ত দর্শক প্রবেশ, বিশৃঙ্খলা এবং নিরাপত্তার অভাবের কারণে বহু দর্শক মেসিকে ঠিকমতো দেখতে পাননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাঠের বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে এই ঘটনায় প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এদিকে শতদ্রু দত্ত আবার ভবিষ্যতে মেসিকে কলকাতায় আনার ইচ্ছাপ্রকাশ করেছেন। পাশাপাশি তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো-কেও আনার পরিকল্পনার কথা জানিয়েছেন।
তবে গতবার যাঁরা দামি টিকিট কেটেও হতাশ হয়েছিলেন, তাঁরা টাকা ফেরত পাবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” যদিও তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এমন আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজন করা হবে যাতে মেসিকে না দেখতে পাওয়ার আক্ষেপ ভুলে যাবেন বাংলার ফুটবলপ্রেমীরা।





