মালদা, ৮ মেঃ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মালদহ জেলার গাজল এলাকায় খুশির আবহ। গাজলের হাজিনাকু মহম্মদ হাই স্কুল থেকে একসঙ্গে তিনজন ছাত্র মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। তাঁদের মধ্যেই রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কমলেশ সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯১।
কমলেশের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক এবং গোটা স্কুল। ফল প্রকাশের পর বাড়িতে শুরু হয় আনন্দ উদযাপন। অভিভাবকরা ছেলেকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। প্রতিবেশী ও আত্মীয়রাও শুভেচ্ছা জানাতে ভিড় জমান তাঁদের বাড়িতে।
মালদহের গাজল এলাকার বাসিন্দা কমলেশ বরাবরই পড়াশোনায় মেধাবী। নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষকদের পরামর্শ মেনেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে সে। কমলেশের বাবা পেশায় স্কুল শিক্ষক এবং মা গৃহবধূ। ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তার। বিশেষ করে গণিত বিষয়টি তার অত্যন্ত প্রিয়।
ফল প্রকাশের পর কমলেশ জানায়, ভবিষ্যতে গণিত নিয়ে আরও উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় সে। আগামী দিনে এই বিষয় নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার।
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, কমলেশ অত্যন্ত শান্ত ও পরিশ্রমী ছাত্র। শুধুমাত্র পড়াশোনা নয়, নিয়মিত অনুশীলন এবং সময় মেনে প্রস্তুতির ফলেই এই সাফল্য এসেছে। একই স্কুল থেকে তিনজন ছাত্রের মেধাতালিকায় জায়গা পাওয়া স্কুলের জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন শিক্ষকরা।
কমলেশের এই সাফল্যে গোটা মালদহ জেলাতেই আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলেই আশাবাদী পরিবার ও শিক্ষকরা।





