আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোভিডে বাবাকে হারিয়েও হার মানেনি অভিরূপ, মাধ্যমিকে রাজ্যসেরা উত্তর দিনাজপুরের ছাত্র, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অভিরূপের

Published on: May 8, 2026
---Advertisement---

উত্তর দিনাজপুর, ৯ মেঃ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই গোটা রাজ্যের নজর কাড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক সাধারণ পরিবারের ছেলে অভিরূপ ভদ্র। সারদা বিদ্যামন্দিরের এই ছাত্র ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। শতাংশের হিসেবে তার প্রাপ্ত নম্বর ৯৯.৭১। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই ছোট্ট দু’কামরার বাড়িতে নেমে আসে উৎসবের আবহ। পর্ষদ সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় অভিরূপের নাম ঘোষণা করতেই আবেগে কান্নায় ভেঙে পড়েন মা ইন্দ্রাণী ভদ্র চৌধুরী।

অভিরূপের জীবনের পথ মোটেই সহজ ছিল না। কোভিড অতিমারির সময় বাবাকে হারাতে হয় তাকে। পেশায় ঠিকাদার ছিলেন তাঁর বাবা। পরিবারের প্রধান উপার্জনক্ষম মানুষকে হারানোর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মা ইন্দ্রাণী দেবীর কাঁধে। তিনি পেশায় নার্স। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে অভিরূপ। খুব অল্প বয়সেই বুঝে গিয়েছিল, নিজের পায়ে দাঁড়াতে হলে একমাত্র ভরসা পড়াশোনা।

তারপর থেকেই বই-খাতাই হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। প্রতিবেশীদের কথায়, অভিরূপকে খুব একটা বাইরে দেখা যেত না। দিনের বেশিরভাগ সময়ই সে পড়াশোনায় ডুবে থাকত। স্কুলের শিক্ষকরা বরাবরই তার মেধার প্রশংসা করেছেন। তবে রাজ্যে প্রথম হবে, তা অনেকেই কল্পনা করতে পারেননি। শিক্ষকরা জানিয়েছেন, প্রথম তিনজনের মধ্যে থাকবে বলেই আশা করেছিলেন তাঁরা।

ফল প্রকাশের পর অভিরূপের মা বলেন, “ছেলে ভীষণ পরিশ্রম করেছে। ওর ওপর ভরসা ছিল, কিন্তু রাজ্যে প্রথম হবে ভাবতে পারিনি।” ছেলের এই সাফল্যে গর্বিত গোটা পরিবার। আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন তাঁদের বাড়িতে। শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছে পরিবার।

বড় হয়ে কী হতে চায় অভিরূপ? সে জানায়, ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে সে। সেই লক্ষ্য নিয়েই এগোতে চায়। তার এই সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষও। কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জের সদ্য নির্বাচিত বিজেপি বিধায়কও।

অভাব, সংগ্রাম আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে উঠে আসা অভিরূপ ভদ্র আজ বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণার নাম। তাঁর সাফল্যের গল্প যেন প্রমাণ করে, ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে কোনও বাধাই শেষ কথা নয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment