শিলিগুড়ির, ৭মেঃ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে সচেতনতা প্রচারে নামল বিজেপি। বৃহস্পতিবার স্টেশন চত্বরে বিজেপি কর্মী ও সমর্থকেরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিষেবা ও ব্যবসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বাড়ছে, যার ফলে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়ছেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই জোর করে নির্দিষ্ট গোষ্ঠীর পরিষেবা নিতে বাধ্য করা হচ্ছে। সেই কারণেই মানুষকে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তাঁরা।
এদিন পথচলতি বহু মানুষও নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে। যদিও গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।





