কোচবিহার, ৭ মেঃ দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে নিজের বহু বছরের প্রতিজ্ঞা পূরণ করলেন শীতলকুচির বামন পাড়ার কুচিয়াগাড়ী এলাকার বাসিন্দা বানেশ্বর বর্মন। পেশায় তিনি ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক হলেও এলাকায় একজন একনিষ্ঠ বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। রাজনৈতিক পালাবদলের আবহে তাঁর অভিনব উদ্যোগ ঘিরে এখন চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতেই এক অদ্ভুত প্রতিজ্ঞা করেছিলেন বানেশ্বর বাবু। তিনি ঘোষণা করেছিলেন, “যতদিন তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে, ততদিন তিনি চুল কাটবেন না।” সেই প্রতিজ্ঞা টানা ১৫ বছর ধরে পালনও করেন তিনি।
গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহ তৈরি হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বানেশ্বর বর্মন। বিজেপির ফল ভালো হওয়ার খবর সামনে আসতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই মাথা ন্যাড়া করে নিজের বহু বছরের প্রতিজ্ঞা ভঙ্গ করেন।
এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায় তাঁর বাড়ির সামনে। স্থানীয় বাসিন্দারা ভিড় করে তাঁর ন্যাড়া মাথা দেখতে এবং আনন্দের মুহূর্তে সামিল হতে। পরে গ্রামবাসীদের মুড়ি খাইয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন বানেশ্বর বাবু ও তাঁর পরিবার।
বানেশ্বর বাবু জানান, তাঁর পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। তাঁর দাবি, গত ১৫ বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি বলেই তিনি রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় ছিলেন।
তিনি আরও বলেন, “৪ মে সকাল থেকেই টিভির সামনে বসেছিলাম। বিজেপি ১০০ পার করতেই আনন্দে আর চোখ সরাতে পারিনি। আজ আমার বহু বছরের ইচ্ছা পূরণ হয়েছে।”
এদিন গোটা এলাকায় যেন উৎসবের আবহ তৈরি হয়। গ্রামবাসীদের একাংশও তাঁর আনন্দে সামিল হয়ে রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস ভাগ করে নেন।





