কোচবিহার, ৭মেঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্বকে এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেন কুমার বৈদ্য। তিনি দাবি করেন, বর্তমানে নিচুতলার বহু কর্মী হেনস্থা ও মারধরের শিকার হচ্ছেন, অথচ সেই সময় উঁচুতলার অনেক নেতাকর্মীর দেখা মিলছে না।
এই পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতেই এদিন সাংবাদিক বৈঠক করা হয়েছে বলে জানান তিনি। রাজেন্দ্র কুমার বৈদ্য বলেন, “কোথাও কোনও অশান্তি বা গন্ডগোল হলে কর্মীরা যেন তার ছবি বা তথ্য সঙ্গে সঙ্গে পুলিশ ও দলীয় নেতৃত্বকে জানান।” পাশাপাশি তিনি সকল কর্মীদের স্বাভাবিকভাবে নিজেদের কাজকর্ম চালিয়ে যাওয়ারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, কর্মীদের আতঙ্কিত না হয়ে সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।





