আলিপুরদুয়ার, ৬মে: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলাফল ঘিরে এবার দলের অন্দরে ক্ষোভ প্রকাশ্যে এল। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি ও প্রাক্তন কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা সরাসরি দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধেই আঙুল তুললেন।
হ্যামিল্টণগঞ্জে নিজের বাসভবন থেকে তিনি বলেন, জেলার এই ভরাডুবির জন্য প্রধানত দায়ী তৃণমূলের জেলা চেয়ারম্যানের ঔদ্ধত্য ও ব্যক্তিগত আচরণ। তাঁর অভিযোগ, দলের বর্তমান নেতৃত্ব সিনিয়র নেতাদের কোনও গুরুত্ব দেয়নি, যার ফলেই সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে।
অসীম লামা আরও জানান, দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরে অসন্তোষ তৈরি হচ্ছিল, কিন্তু তা গুরুত্ব পায়নি। নির্বাচনের ফলাফল সেই ক্ষোভকেই সামনে নিয়ে এসেছে।
তাঁর এই মন্তব্যে জেলা তৃণমূল রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।





