শিলিগুড়ি, ৬মে: নির্বাচন পরবর্তী অশান্তির ঘটনায় কড়া বার্তা দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার সাংবাদিক বৈঠকে পুলিশ ও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়, কোনওরকম হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না এবং তা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর সামনে এসেছে। শিলিগুড়ির বিভিন্ন থানা এলাকাতেও ছোটখাটো উত্তেজনার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি দলের কর্মীদের ওপরও আক্রমণের ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি এবং টহলদারি। আধা সামরিক বাহিনীও মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ কমিশনার ওয়াকার রাজা জানান, “অশান্তি ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, প্রতিটি থানা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।





