শিলিগুড়ি, ৬মে: বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে তীব্র কোন্দল। হারের ধাক্কা সামলানোর আগেই দলের ভিতরের কাঠামো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিলিগুড়ির প্রাক্তন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে দল কোনও সুসংগঠিত পদ্ধতিতে চলেনি, বরং ‘মালিক-চাকর’ সংস্কৃতিতেই পরিচালিত হয়েছে।
পাপিয়া ঘোষ বলেন, “আমরা দলের কর্মীরা ছিলাম চাকরের মতো। আমাদের কাজ ছিল শুধু নির্দেশ পালন করা।” উত্তরবঙ্গে দলের খারাপ ফলের জন্য তিনি সিন্ডিকেট রাজ এবং কিছু নেতার অহংকারকেই দায়ী করেছেন। তাঁর দাবি, সাধারণ মানুষ তৃণমূলকে নয়, বরং নেতাদের দম্ভ ও ঔদ্ধত্যকেই প্রত্যাখ্যান করেছে।
এছাড়াও, দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী কৌশলী সংস্থা আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, আইপ্যাকের হাতে অতিরিক্ত ক্ষমতা থাকায় রাজ্যের নেতারা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, ফলে সংগঠনের ভিতরে শৃঙ্খলা নষ্ট হয়েছে।
নির্বাচনী পর্যালোচনার আগেই পাপিয়ার এই মন্তব্য উত্তরবঙ্গের তৃণমূল রাজনীতিতে বড়সড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। হারের পর দলের ভেতর থেকে একের পর এক নেতার মুখ খোলা শাসকদলের অস্বস্তি আরও বাড়াচ্ছে।





