কলকাতা, ৫ মেঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ২৫ বৈশাখে। ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাদের সরকার গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে।
শপথগ্রহণের পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিজেপি স্পষ্ট করেছে, নতুন সরকার আর নবান্ন থেকে নয়, বরং ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয় তথা মহাকরণ থেকেই পরিচালিত হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই সেখানে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দপ্তর কোথায় হবে, অন্যান্য মন্ত্রীরা কোথায় বসবেন এসব নিয়ে বিস্তারিত পরিকল্পনা শুরু হয়েছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি)-কে মহাকরণ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনের পর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাজ্যের মুখ্যসচিবও শীঘ্রই মহাকরণ পরিদর্শনে যেতে পারেন বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাইটার্স বিল্ডিংয়ের সামনের অংশকে পুনর্গঠন করে কার্যকর প্রশাসনিক ব্যবহারের উপযোগী করে তোলার পরিকল্পনা চলছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, তারও খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েও জল্পনা তুঙ্গে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন বলে সূত্রের খবর। তিনি জয়ী বিধায়ক ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে পরিষদীয় দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। তাঁর সঙ্গে থাকতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছেন, “আমাদের সরকার নবান্ন থেকে নয়, রাইটার্স বিল্ডিং থেকেই পরিচালিত হবে।” সব মিলিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বাংলায়।





