কোচবিহার, ৫ মেঃ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের আবহ তৈরি হয়েছে। তারই প্রতিফলন দেখা গেল কোচবিহার জেলাতেও। অভিযোগ, কোচবিহারের টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা গোষ্ঠী তালা মেরে দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে পঞ্চায়েত কার্যালয়ে তালা পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। যদিও কারা এই কাজ করেছে, তা স্পষ্ট নয়।
পরবর্তীতে বুধবার সকালে বিজেপির স্থানীয় নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে সেই তালা খুলে দেয়। তাদের দাবি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এভাবে অচল করে রাখা ঠিক নয় এবং প্রশাসনের উচিত বিষয়টি খতিয়ে দেখা।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।





