কলকাতা, ৪ মেঃ ভোট গণনার মাঝেই রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলতেই তৎপর হয়ে উঠল নির্বাচন কমিশন। সোমবার দুপুরের পর থেকেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পাঠানো হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। নবান্ন, মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন ও খাদ্য ভবনের মতো প্রশাসনিক কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সুরক্ষিত রাখা।
প্রশাসনিক সূত্রে খবর, ভোট-পরবর্তী পরিস্থিতিতে কোনও নথি যাতে নষ্ট বা গায়েব না হয়ে যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তাঁরা সতর্ক করে জানিয়েছিলেন, ক্ষমতায় এলে সমস্ত ফাইল খতিয়ে দেখা হবে।
এই প্রেক্ষিতেই প্রশাসনের একাংশের আশঙ্কা, গুরুত্বপূর্ণ কিছু নথি লোপাটের চেষ্টা হতে পারে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে দপ্তরগুলিতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে নবান্ন চত্বরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রাজনৈতিক মহলের মতে, ফলাফল ঘোষণার আগে থেকেই এমন তৎপরতা রাজ্যের পরিস্থিতির গুরুত্বকেই তুলে ধরছে।





