কোচবিহার, ৪মেঃ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা, আর প্রথম পর্যায়েই কোচবিহার জেলায় এগিয়ে থাকার ইঙ্গিত পেল তৃণমূল কংগ্রেস। জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে মাথাভঙ্গ, দিনহাটা এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, এই তিনটি কেন্দ্রেই পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে তৃণমূল।
রাজ্যের মোট ২৯৩টি আসনের জন্য ৭৭টি গণনাকেন্দ্রে একযোগে চলছে ভোটগণনা। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন, মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী।
সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা গণনাকেন্দ্রে উপস্থিত থেকে প্রতিটি রাউন্ডের ফলাফলের উপর নজর রাখছেন। যদিও এই প্রাথমিক ফলাফল চূড়ান্ত চিত্র নয়, তবুও শুরুতেই তৃণমূলের এই এগিয়ে থাকা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। এখন নজর পরবর্তী রাউন্ডের গণনার দিকে।





