মাথাভাঙ্গা, ৩ মেঃ জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র ৭৯তম প্রতিষ্ঠা দিবস রবিবার কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। সেই সঙ্গে মাথাভাঙা শহরেও কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি। দলীয় পতাকা উত্তোলন, নেতাদের বক্তব্য এবং শ্রমিকদের উপস্থিতিতে দিনটি স্মরণীয় করে তোলা হয়।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, ১৯৪৭ সালের ৩ মে, দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন মাস আগে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব শ্রমিকদের অধিকার রক্ষার লক্ষ্যে এই সংগঠনের প্রতিষ্ঠা করেন। সেই সময় মহাত্মা গান্ধী, জে বি কৃপালানি, সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরু -সহ একাধিক নেতার উদ্যোগে গঠিত হয় ‘রাষ্ট্রীয় মজদুর কংগ্রেস’, যা পরবর্তীতে আইএনটিইউসি নামে পরিচিতি পায়।
মাথাভাঙার অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা বলেন, স্বাধীনতার আগে থেকেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই শুরু করেছিল এই সংগঠন। সেই ঐতিহ্য আজও বহন করছে আইএনটিইউসি। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সংগঠন নিরন্তর কাজ করে চলেছে বলেও জানান তাঁরা।
এদিনের কর্মসূচিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বর্তমান সময়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কর্মসংস্থানের অভাব এবং শ্রম আইনের পরিবর্তন নিয়েও আলোচনা করেন নেতারা। তাঁরা দাবি করেন, শ্রমিকদে স্বার্থ রক্ষায় আইএনটিইউসি সবসময় প্রথম সারিতে রয়েছে।
সব মিলিয়ে, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে এবং ভবিষ্যতের লড়াইয়ের অঙ্গীকার নিয়ে ৭৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কংগ্রেসের এই শ্রমিক সংগঠন।





