নদিয়া, ২ মেঃ নদিয়ার কল্যাণীতে অবস্থিত জেএনএম হাসপাতাল-এ এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর চালায় মৃতের আত্মীয়রা।
মৃত ব্যক্তির নাম মহম্মদ মণ্ডল(৭১)। তিনি চাকদহ-এর শিমুরালি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শেই ভর্তি করা হলেও অভিযোগ, দীর্ঘ সময় কোনও অভিজ্ঞ চিকিৎসক তাঁকে দেখেননি।
পরিবারের দাবি, ইন্টার্ন ডাক্তাররাই তাঁর চিকিৎসা করছিলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাননি রোগী। শুক্রবার রাত দু’টো নাগাদ তাঁকে ওষুধ দেওয়া হয়। এরপর কিছুক্ষণের জন্য পরিবারের সদস্যরা নিচে গেলে ফিরে এসে দেখেন, রোগীর মৃত্যু হয়েছে।
একই দিনে হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে আরও তিনজন রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে। যদিও তাদের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবুও ঘটনায় সন্দেহ ও ক্ষোভ বাড়ছে।
মৃতের ছেলে সাইফুল মণ্ডল ও মেয়ে আম্বিয়া মণ্ডলের অভিযোগ, “পরিকল্পিতভাবে আমাদের বাবাকে মেরে ফেলা হয়েছে।” তাঁদের দাবি, ভুল ওষুধ প্রয়োগের কারণেই এই মৃত্যু ঘটেছে।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখান এবং ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।





