শিলিগুড়ি, ১ মে: শতবর্ষ প্রাচীন ঐতিহ্যের ধারাকে বয়ে নিয়ে শিলিগুড়ির হাকিম পাড়ায় বণিক বাড়িতে জাঁকজমক সহকারে পালিত হচ্ছে মা গন্ধেশ্বরীর পুজো। গত ২৭ বছর ধরে মৌসুমী বণিকের উদ্যোগে বৈশাখী পূর্ণিমার দিন এই পুজো ঘিরে তৈরি হয় উৎসবের আবহ, যেখানে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে।
গন্ধবণিক সম্প্রদায়ের কূলদেবী হিসেবে পূজিত হন মা গন্ধেশ্বরী, যাঁকে দেবী দুর্গারই এক রূপ বলে মনে করা হয়। সিংহবাহিনী, চতুর্ভুজা এই দেবীর হাতে থাকে শঙ্খ, চক্র ও ধনুর্বাণ যার সঙ্গে মা দুর্গা বা জগদ্ধাত্রীর সাদৃশ্য স্পষ্ট। ব্যবসার উন্নতি এবং সুগন্ধি দ্রব্যের সমৃদ্ধির কামনায় এই পুজোর আয়োজন করা হয়।
এই পুজোর শিকড় রয়েছে বাংলাদেশ-এ। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে বণিক পরিবারের পূর্বপুরুষেরা এই প্রথা বজায় রেখেছেন। পরবর্তীতে দেশভাগের পর সেই ঐতিহ্য এদেশে নিয়ে এসে শিলিগুড়ির হাকিম পাড়ায় নতুন করে শুরু হয় পুজো, যা আজও সমান নিষ্ঠায় পালিত হচ্ছে।
আয়োজকদের দাবি, প্রতি বছর ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। কোচবিহার, আলিপুরদুয়ার এমনকি অসম থেকেও বহু মানুষ এই পুজোতে অংশ নিতে আসেন। বিশেষ করে ডাব দিয়ে ভোগ দেওয়া এবং মানত পূরণের জন্য ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।
একদিনের এই পুজো হলেও তার ভক্তিভাব ও আয়োজন অনন্য। ঐতিহ্য, বিশ্বাস ও সামাজিক বন্ধনের এক মিলনমেলায় পরিণত হয়েছে এই গন্ধেশ্বরী পুজো, যা আগামী দিনেও আরও বিস্তৃত হবে বলেই আশাবাদী আয়োজকরা।





