শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ নির্বাচনকে ঘিরে জারি হওয়া ‘ড্রাই ডে’ নির্দেশের মধ্যেই বড়সড় সাফল্য পেল প্রধান নগর থানার পুলিশ। লক্ষাধিক টাকার মদ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আয়ুষ কাহার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ থেকে ২৯ তারিখ পর্যন্ত সমস্ত মদের দোকান বন্ধ রাখার কথা। এই সুযোগকে কাজে লাগিয়ে কালোবাজারির উদ্দেশ্যে বিপুল পরিমাণ মদ মজুত করা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে প্রধান নগর থানার পুলিশ অভিযান চালায় ধরম নগর এলাকায় আয়ুষ কাহারের বাড়িতে।
অভিযান চালিয়ে বাড়ি থেকে প্রচুর পরিমাণ মদ উদ্ধার করা হয়। পুলিশ মনে করছে, এই মদ অবৈধভাবে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল। বাজেয়াপ্ত করা মদের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
ঘটনার পরই আয়ুষ কাহারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, নির্বাচনের আগে এ ধরনের বেআইনি মজুত রুখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





