শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় মাদক চক্রের ছক বানচাল করল মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় এক মহিলা-সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০১ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মাটিগাড়া পরিবহন নগর এলাকায় সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান, ওই মাদক হাতবদলের উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিল।
ধৃতদের নাম বানু বেগম, তিনি নকশালবাড়ির বাসিন্দা। অপর ধৃত মোঃ ইদ্রিস আলী, মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্যও উল্লেখযোগ্য বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
নির্বাচনের আগে এলাকায় মাদক পাচার রুখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।





