শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ শিলিগুড়িতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম পপি সাহা(৫৫)। ঘটনাটি ঘটেছে শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাড়িতেই উপস্থিত ছিলেন মৃতার ছেলে, পুত্রবধূ এবং একটি শিশু। হঠাৎ করেই তিনতলা বাড়ি থেকে নিচে পড়ে যান পপি সাহা। কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও আচমকাই তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয়।
তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।





