শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ পর্যাপ্ত বাসের অভাবকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা ছড়াল তেঞ্জিং নোরগে বাস টার্মিনাস-এ। বাড়ি ফেরার উদ্দেশ্যে ভোর থেকেই হাজার হাজার যাত্রী টার্মিনাসে ভিড় জমালেও দীর্ঘক্ষণ বাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন-এর নির্দেশে বহু সরকারি বাস ভোটের কাজে নিয়োজিত করা হয়েছে। তার জেরেই সাধারণ যাত্রী পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফেরার জন্য যাত্রীরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত বাস না থাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বাস না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা একসময় বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টার্মিনাসের টিকিট কাউন্টার, কম্পিউটার এবং অন্যান্য অবকাঠামোয় ভাঙচুর চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উচ্চপদস্থ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবুও যাত্রীদের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। অনেকেই প্রশাসনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিকল্প ব্যবস্থার দাবি তুলেছেন।
ভোটের আগে এই ধরনের পরিস্থিতি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।





