মনিরুল হক, কোচবিহার: প্রথম দফার ভোট প্রচারের শেষ দিনে সকাল থেকেই ব্যস্ত সময় কাটালেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। দিনভর প্রচারের চাপের মধ্যেই হঠাৎই এক ভিন্ন মেজাজে দেখা গেল তাঁকে। পশারিরহাট ও সাহেবেরহাট এলাকায় ভোট প্রচারের সময় কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠলেন তিনি, যা মুহূর্তের মধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
জানা গেছে, এদিন প্রচারের মাঝেই এলাকার কয়েকজন শিশু তাঁর কাছে এসে দাঁড়ায়। তাদের উৎসাহ দেখে নিজেও আর নিজেকে আটকাতে পারেননি অভিজিৎ দে ভৌমিক। শিশুদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুটবল খেলায় অংশ নেন তিনি। শুধু খেলাতেই সীমাবদ্ধ থাকেন নি, কচিকাঁচাদের হাতে তুলে দেন ফুটবলও। এই মানবিক ও সহজ-সরল আচরণে খুশি হয় স্থানীয় বাসিন্দারা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ-সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এলাকায় দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর এই সহজাত মেলামেশা এবং শিশুদের সঙ্গে সময় কাটানো অনেকের মন জয় করেছে।
এই প্রসঙ্গে অভিজিৎ দে ভৌমিক বলেন, “প্রচারের মাঝে কিছু কচিকাঁচা এসে পড়েছিল, তাদের সঙ্গে একটু ফুটবল খেলায় মেতে উঠলাম। এই ধরনের মুহূর্ত খুব ভালো লাগে। এতে ছোটবেলার স্মৃতি ফিরে আসে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, কঠিন রাজনৈতিক লড়াইয়ের মাঝেও মানুষের সঙ্গে সংযোগই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভোটের আগে শেষ দিনের প্রচারে এই ধরনের ব্যতিক্রমী মুহূর্ত নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক উত্তাপের মাঝেও এমন মানবিক ছবি নিঃসন্দেহে আলাদা বার্তা দেয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।





