কলকাতা, ১৭ এপ্রিলঃ প্রথম দফার বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই প্রার্থীদের হলফনামা ঘিরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার বিশ্লেষণে দেখা গিয়েছে, প্রথম দফার ১৫২টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপির প্রায় ৭০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। বিশেষ করে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৯টি মামলার উল্লেখ থাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের যৌথ রিপোর্ট অনুযায়ী, শুধু বিজেপিই নয়, অন্যান্য দলগুলির প্রার্থীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা শতাংশের হিসাবে ৪৩। সিপিএমের ক্ষেত্রে এই হার ৪৪ শতাংশ এবং কংগ্রেসের ক্ষেত্রে ২৬ শতাংশ।
মোট ১৪৭৫ জন প্রার্থীর মধ্যে ৩৪৫ জন নিজেদের বিরুদ্ধে অপরাধমূলক মামলার কথা স্বীকার করেছেন। এর মধ্যে ১৯ জনের বিরুদ্ধে খুনের মামলা, ১০৫ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এবং ৯৮ জনের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। এমনকি ৬ জন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংস্থার তরফে দাবি করা হয়েছে, ভোটারদের সচেতন করতে প্রতিটি বুথের বাইরে প্রার্থীদের হলফনামার সংক্ষিপ্ত তথ্য প্রদর্শন বাধ্যতামূলক করা উচিত। এতে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে সঠিক ধারণা নিয়ে ভোট দিতে পারবেন।
অন্যদিকে সম্পত্তির নিরিখেও উঠে এসেছে বড় বৈষম্য। প্রথম দফায় মোট ৩০৯ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। তৃণমূল কংগ্রেসের ৭২ শতাংশ প্রার্থীই কোটিপতি, বিজেপিতে এই হার ৪৭ শতাংশ। গড় সম্পদের নিরিখে তৃণমূল প্রার্থীরা এগিয়ে, যেখানে গড় সম্পদ প্রায় ৫.৭০ কোটি টাকা। সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে উঠে এসেছেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন, যার সম্পত্তির পরিমাণ ১৩৩ কোটিরও বেশি।





