শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ সরকারি কর্মচারীদের ভোটদান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। এদিন ভোটকর্মীরা নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে গিয়ে সমস্যার মুখে পড়েন। অভিযোগ, ইভিএম সংযুক্ত সিস্টেমে তাঁদের নাম দেখা না যাওয়ায় ভোটকেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁদের ভোট গ্রহণ করা সম্ভব নয়।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত ভোটকর্মীরা। নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মহকুমা নির্বাচনী আধিকারিক বিকাশ রুহেলা। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ক্ষুব্ধ ভোটকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি মূলত একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে।
বিকাশ রুহেলা জানান, “সিস্টেম সংক্রান্ত সমস্যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তিনি আশ্বাস দেন, যাতে কোনও ভোটকর্মী তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে ভোট পরিচালনার প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এ ধরনের ত্রুটি প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
যদিও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়, তবুও ভোটকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ থেকেই যায়। এখন দেখার, সমস্যার দ্রুত সমাধান করে পরিস্থিতি কতটা স্বাভাবিক রাখা যায়।





