শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ গণতন্ত্রের উৎসবে শামিল হতে আর শারীরিক অসুস্থতা বা বার্ধক্য বাধা হয়ে দাঁড়াচ্ছে না। নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে এবার ঘরের আঙিনায় পৌঁছে যাচ্ছে ব্যালট বক্স। ২৬ নম্বর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে দেখা গেল এমনই এক মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ছবি, যেখানে বাড়িতে বসেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা।
নির্বাচন কমিশনের এই উদ্যোগে ৮৫ বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে ‘হোম ভোটিং’ ব্যবস্থা। যারা শারীরিক কারণে বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন না, তাঁদের জন্য এই ব্যবস্থা বিশেষ স্বস্তি এনে দিয়েছে।
নির্ধারিত দিনে নির্বাচন কর্মীরা নিরাপত্তা বিধি মেনে সরাসরি ভোটারদের বাড়িতে পৌঁছে দেন ব্যালট বক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম। প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখতে উপস্থিত থাকেন পর্যবেক্ষক এবং ভিডিওগ্রাফির ব্যবস্থাও করা হয়।
এই ব্যবস্থায় খুশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা। তাঁদের মতে, এই উদ্যোগের ফলে গণতন্ত্রের মূল চেতনা আরও শক্তিশালী হল। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষও।





