ময়নাগুড়ি, ১১ এপ্রিলঃ ভোট প্রচারে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। তিস্তা নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি বিধানসভা এলাকায়। নিখোঁজ কর্মীর নাম অমল রায়, বাড়ি হেলাপাকড়ির দুন্দারবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বিজেপি প্রার্থী ডালিম রায়ের প্রচারে অংশ নিতে একদল কর্মী তিস্তাচরের ফুলিয়ার গ্রামে যান। প্রচার শেষে বেশিরভাগ কর্মী নৌকায় করে ফিরে এলেও অমল রায় ও আরও একজন সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। সেই সময়ই বিপত্তি ঘটে। হঠাৎই নদীর জলে তলিয়ে যান অমল রায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। রাতভর খোঁজ চালানো হলেও এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকেও নতুন করে তল্লাশি শুরু হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোক ও উদ্বেগে ভেঙে পড়েছে অমল রায়ের পরিবার। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও মানবিকতার বার্তা দিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়। শুক্রবার রাতেই তিনি নিখোঁজ কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন।
উল্লেখ্য, ময়নাগুড়ি কেন্দ্রটি গত নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এবারের নির্বাচনে একদিকে বিজেপির ডালিম রায়, অন্যদিকে তৃণমূলের রামমোহন রায়ের মধ্যে জোর লড়াই চলছে। তার মাঝেই এই ঘটনায় গেরুয়া শিবিরে নেমে এসেছে উদ্বেগের ছায়া।সব মিলিয়ে, ভোটের উত্তাপের মধ্যেই এই দুর্ঘটনা রাজনৈতিক মহলেও দুঃখের সুর এনে দিয়েছে।





