শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটকে সামনে রেখে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। এই আবহেই উত্তরবঙ্গে প্রচারের ঝাঁঝ বাড়াতে শিলিগুড়ি আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। বিশেষ তাৎপর্যপূর্ণভাবে বাংলা নববর্ষের দিনটিও এবার শিলিগুড়িতেই কাটাবেন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব-এর সমর্থনে একটি বড় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য রুট হিসেবে মাল্লাগুড়ি থেকে হাসমিচক বা বাঘাযতীন পার্ক পর্যন্ত হিলকার্ট রোড ধরে পদযাত্রার পরিকল্পনা রয়েছে। যদিও চূড়ান্ত সূচি এখনও নির্ধারিত হয়নি।
গৌতম দেব জানিয়েছেন, “নববর্ষের দিন সাধারণত দিদি কোথাও যান না। কিন্তু এবার তিনি শিলিগুড়িকে বেছে নিয়েছেন, যা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। উনি আসলেই আমাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতি কর্মীদের কাছে ‘অক্সিজেন’-এর মতো কাজ করে এবং তাঁর বক্তব্য শোনার জন্য সকলে মুখিয়ে থাকেন।
প্রসঙ্গত, এর আগেই শিলিগুড়িতে জনসভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। তার পর থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে প্রচারের গতি আরও বেড়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সেই প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। নববর্ষের দিন মুখ্যমন্ত্রীর পদযাত্রা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, এই সফর নির্বাচনী লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে।





