হাওড়া, ৭ এপ্রিলঃ নির্বাচনী প্রচারের মাঝেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন বিজেপি প্রার্থী ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে প্রচারে বেরিয়ে এক মহিলা সমর্থকের সঙ্গে রিল ভিডিও শুট করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নানা মন্তব্যে সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ওই মহিলা সমর্থক হিরণের সঙ্গে কথা বলেন। এরপর হঠাৎই ‘মন পাখি’ গানে নাচ শুরু করেন তিনি। পাশে দাঁড়িয়ে প্রথমে কিছুটা অপ্রস্তুত ও লাজুক মুখে দেখা যায় তারকা প্রার্থীকে। তবে নাচের শেষে যখন মহিলা সমর্থক হাত বাড়ান, তখন তা ফিরিয়ে না দিয়ে তাঁর হাত ধরেই সাড়া দেন হিরণ। এই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মজার ছলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ কটাক্ষ ছুঁড়ছেন। বিশেষ করে তাঁর সাম্প্রতিক দ্বিতীয় বিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে এনে কেউ লিখেছেন, “এবার দ্বিতীয় বিয়েটা টিকলে হয়!” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “প্রচারে নাচ, বাড়িতে কি খবর আছে?”—এমন নানা বিদ্রূপে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি জটিলতাও তৈরি হয়। সেই কারণে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি আদৌ টিকিট পাবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। তবে মার্চ মাসে ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষিত হওয়ায় সেই জল্পনার অবসান ঘটে।
প্রার্থী ঘোষণার পর থেকেই শ্যামপুর কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন হিরণ। এই কেন্দ্র তাঁর কাছে পরিচিত, কারণ শৈশব থেকেই সেখানে তাঁর মামাবাড়ির সূত্রে যাতায়াত রয়েছে। এলাকার উন্নয়ন নিয়েও ইতিমধ্যে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর দাবি, শ্যামপুরে হাসপাতাল, কলেজ, সেতুর মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোর অভাব রয়েছে, যা তিনি নির্বাচিত হলে গড়ে তুলতে চান।
তবে এর মধ্যেই ভাইরাল ভিডিও নতুন করে বিতর্ক উসকে দিল। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তারকা প্রার্থী হওয়ায় এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। ভক্তদের আবেগ, উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হয় তাঁদের। তবুও ভোটের মরশুমে এই ধরনের ভাইরাল মুহূর্ত যে বাড়তি রাজনৈতিক চাপ তৈরি করতে পারে, তা বলাই বাহুল্য।





