বাঁকুড়া, ৬ এপ্রিলঃ বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। এই সময় দলের কাজকে অগ্রাধিকার দিতে কর্মী-সমর্থকদের বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার সতীহাট এলাকায় একটি কর্মিসভায় যোগ দিয়ে প্রার্থী অনুপ মণ্ডল-এর সমর্থনে প্রচার করেন তিনি।
সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের আগে এই ক’দিন পুরো সময় দলকে দিতে হবে। বিশেষ করে মহিলা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখন সংসারের চিন্তা না করে নির্বাচনের কাজে মন দিন। স্বামীরা নিজেদের মতো করে নেবে। প্রয়োজন হলে বাইরে থেকে খাবার অর্ডার করে নিতে বলুন।”
পুরুষ কর্মীদেরও একইভাবে আহ্বান জানান তিনি। বলেন, “এই কয়েকদিন পরিবারের চেয়ে দলীয় কাজ বেশি গুরুত্বপূর্ণ। চাকরি থাকলে ছুটি নিয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়ুন।” তাঁর বক্তব্য, ভোটের আগে প্রতিটি কর্মীর সক্রিয় অংশগ্রহণই প্রার্থীর জয়ের চাবিকাঠি।
এদিন প্রার্থী অনুপ মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন কল্যাণ। তিনি বলেন, “ডাক্তার দুই ধরনের হয় একজন পকেট কাটে, আরেকজন মানুষের সেবা করে। অনুপ মণ্ডল সেই দ্বিতীয় ধরনের ডাক্তার। মানুষ তাঁকে ভালোবাসেন।” তাঁর দাবি, জয়ী হলে অনুপ মণ্ডল এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় নেতৃত্বের দাবি, এই ধরনের বক্তব্য কর্মীদের আরও উৎসাহিত করছে এবং নির্বাচনী লড়াইয়ে বাড়তি শক্তি জোগাচ্ছে।





