শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ রামনবমীর উৎসবের আবহে শুরু হওয়া সামান্য বচসা শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ডেকে আনল শিলিগুড়িতে। টিকিয়াপাড়া এলাকায় দুই বন্ধুর মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হওয়ার পর টানা আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ প্রাণ হারালেন সুরোজ সাহানি। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি ছড়িয়েছে উত্তেজনাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ মার্চ রামনবমীর শোভাযাত্রার মধ্যে হঠাৎই কথা কাটাকাটি শুরু হয় সুরোজ সাহানি ও রাজেশ সাহানির মধ্যে। প্রথমে বচসা হলেও তা দ্রুতই ভয়াবহ আকার নেয়। অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজেশ ধারালো অস্ত্র দিয়ে সুরোজের পেটে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানে টানা আটদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।
ঘটনার পর শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে আসা হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ গড়ে তোলা হয় এবং বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়।
এরপর দ্রুত তদন্তে নেমে রবিবার ভোরে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকা থেকে অভিযুক্ত রাজেশ সাহানিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। যদিও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গিয়েছে।





