মালদা, ৪ এপ্রিলঃ মোথাবাড়ি কাণ্ডের তদন্তে দ্বিতীয় দিনেও অ্যাকশন মুডে রয়েছে এনআইএ। গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি চালানোর পর শনিবার সকাল থেকেই ফের তদন্তে নামে সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, গতরাতেই স্থানীয় পুলিশের সঙ্গে নিয়ে একাধিক জায়গায় ধরপাকড় অভিযান চালায় এনআইএ।
এদিকে, বুধবার রাতে বিচারকদের উদ্ধার করার সময় পরিস্থিতি কেমন ছিল, তা জানতে পাইলট গাড়ির চালক এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের ব্লক দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীরা গোটা ঘটনার ধারাবিবরণী খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ওই দিনের ঘটনার পর আপাতত এসআইআর সংক্রান্ত শুনানির কাজ ব্লক দপ্তরে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোথাবাড়ি কাণ্ডে আটকে পড়া সাতজন বিচারককে মালদা শহরের একটি বেসরকারি হোটেলে রাখা হয়েছে। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুনানির কাজ।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বজায় থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে সকলেই।





