মালদা, ৩ এপ্রিল: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদহ জেলায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এসআইআর ইস্যুতে নাম বাদ পড়ার অভিযোগে মোথাবাড়ি, কালিয়াচক ও সুজাপুর এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে অশান্তি প্রশমিত করা এবং দলীয় কর্মীদের চাঙ্গা করতে মাঠে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শনিবার মালদহ সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দিনের শুরুতে মানিকচক, রতুয়া মালতীপুর এবং গাজোল এই তিনটি জায়গায় জনসভা করবেন তিনি। প্রতিটি সভায় সংশ্লিষ্ট এলাকার তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন দলনেত্রী।
জনসভা শেষে ইংরেজবাজারে একটি বড় রোড শো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিকেল প্রায় ৩টে নাগাদ শুরু হবে এই মিছিল। তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু-র সমর্থনে এই রোড শো হবে। নির্ধারিত রুট অনুযায়ী, রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড়, নেতাজি মোড়, ফুলবাড়ি, পাকুড়তলা মোড় হয়ে কবি সুকান্ত মোড়ে গিয়ে শেষ হবে মিছিল।
জেলা রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির জেরে কর্মীদের মধ্যে যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কাটাতেই এই রোড শো বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
তৃণমূলের দাবি, বহিরাগত উসকানিতে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে, যদিও প্রশাসন ইতিমধ্যেই কড়া নজরদারি চালাচ্ছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ও রোড শো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের আগে তাঁর এই কর্মসূচি দলীয় সংগঠনকে আরও সক্রিয় করে তুলবে বলেই আশা শাসকদলের।





