কলকাতা, ১ এপ্রিলঃ ফর্ম ৬ ও ভোটার তালিকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতির মাঝেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ট্রাইব্যুনালে জমা পড়া নথির সত্যতা যথাযথভাবে যাচাই করতে হবে। যাচাই না করে কোনও নতুন নথি গ্রহণ করা যাবে না বলেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক প্রচার সভা থেকে তিনি বলেন, “আমি আজ খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। বাইরে থেকে নাম ঢোকানোর চেষ্টা হচ্ছিল, আদালত তা বন্ধ করতে বলেছে।” তাঁর অভিযোগ, বিপুল সংখ্যায় ফর্ম ৬ জমা দিয়ে ভিন রাজ্যের ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছিল।
এই ইস্যুতে আগে থেকেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়-ও। তাঁর দাবি, বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। এমনকি বস্তাভর্তি ফর্ম ৬ জমা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানিয়েছেন।
অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, একজন ব্যক্তি প্রায় ৩০ হাজার ফর্ম ৬ জমা দিয়েছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও কমিশনের বক্তব্য, ফর্ম ৬ জমা দেওয়া একটি চলমান প্রক্রিয়া এবং তা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, দ্রুত ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং অনলাইন ও অফলাইন দুই ব্যবস্থার আপিল প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। ভোটের আগে এই নির্দেশকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।





