মাথাভাঙ্গা, ২৫ মার্চঃ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। মৃত ওই শিক্ষকের নাম রাজকুমার মজুমদার। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা শিক্ষা মহল এবং স্থানীয় এলাকায়। তিনি শুধু শিক্ষকই নন, পাশাপাশি ১২২ নম্বর বুথের বি.এল.ও হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি নিজের মেয়েকে মাথাভাঙ্গার একটি বেসরকারি স্কুলে পৌঁছে দিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, ফেরার পথে মানসাই ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ডাম্পারের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন তিনি। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে দুটি হেলমেট থাকলেও একটি তিনি পরে ছিলেন বলে জানা গিয়েছে। তবুও আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। সহকর্মী রণজিৎ সরকার, স্থানীয় বাসিন্দা অতুল সরকার এবং মৃতের আত্মীয় তাপস কুমার মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্যে উঠে এসেছে রাজকুমারবাবুর নিষ্ঠা, দায়িত্ববোধ এবং মানবিকতার কথা।
বর্তমানে মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।





