কলকাতা, ১৭ মার্চঃ ২০২১ সালের ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২১-এর ফলাফল-এর সেই উত্তাল দিন আজও রাজনৈতিক স্মৃতিতে অম্লান। গোটা বাংলার নজর ছিল নন্দীগ্রাম-এ, যেখানে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গণনার মাঝপথে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট এবং ফলাফলের নাটকীয় মোড় ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, যা গড়ায় আদালত পর্যন্ত।
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২১-এ সেই রাজনৈতিক লড়াই ফের নতুন মাত্রা পেতে চলেছে বলে জল্পনা। এবার ময়দান হতে পারে ভবানীপুর যা ‘দিদি’র গড় হিসেবেই পরিচিত। যদিও তৃণমূল কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি, ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করায় রাজনৈতিক পারদ চড়েছে।
এই প্রেক্ষিতেই তোপ দেগেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান। সোশ্যাল মিডিয়ায় তিনি নন্দীগ্রামের ভোট গণনার সময়কার ‘লোডশেডিং’ বিতর্ক টেনে কটাক্ষ করে লেখেন, “যতই করো সেটিং, হবে না লোডশেডিং।” তাঁর ইঙ্গিত, অতীতের মতো কোনও বিতর্কিত পরিস্থিতি তৈরি করেও এবার ফল বদলানো সম্ভব হবে না।
কলেজ জীবন থেকে বাম রাজনীতিতে সক্রিয় প্রতীক উর রহমান হঠাৎই দল বদলে তৃণমূলে যোগ দিয়েছেন। তবে দল বদলালেও তাঁর রাজনৈতিক আক্রমণের ধার কমেনি। ধর্মতলার মঞ্চ থেকে যেমন বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন, তেমনই সুযোগ পেলেই বিঁধেছেন বাম নেতৃত্বকেও।
সব মিলিয়ে, ভবানীপুরে সম্ভাব্য ‘হাইভোল্টেজ’ লড়াইয়ের আগে থেকেই রাজনৈতিক তরজা চরমে উঠেছে। এখন দেখার, ভোটের ময়দানে এই লড়াই কতটা বাস্তব রূপ পায়।





