কলকাতা, ১৭ মার্চঃ ভোটের আগে রাজনৈতিক অঙ্ক আরও জটিল করে দিল নতুন সমীকরণ। প্রার্থী তালিকা ঘোষণার আগেই বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নন্দীগ্রামের পরিচিত মুখ পবিত্র কর।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম রাজনীতিতে পবিত্র কর দীর্ঘদিন ধরেই পরিচিত নাম। একসময় তিনি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহযোগী। কিন্তু গত কিছুদিন ধরেই তাঁদের রাজনৈতিক দূরত্ব বাড়ছিল। সেই প্রেক্ষিতেই তাঁর দলবদল ঘিরে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। মঙ্গলবার সকালে কলকাতায় সেই জল্পনারই অবসান ঘটে তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ করেন পবিত্র।
দলীয় সূত্রে খবর, আসন্ন নির্বাচন নন্দীগ্রাম কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করা হতে পারে। সে ক্ষেত্রে সরাসরি মুখোমুখি লড়াই হতে পারে একদা ‘সহযোদ্ধা’ শুভেন্দু অধিকারীর সঙ্গে। ফলে নন্দীগ্রামের লড়াই এবার আরও হাইভোল্টেজ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিশেষজ্ঞদের মতে, এই যোগদান শুধু একটি দলবদল নয়, বরং নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। একসময় যাঁরা একসঙ্গে রাজনীতির ময়দানে লড়েছেন, এবার তাঁরা প্রতিপক্ষ এই সম্ভাবনাই বাড়াচ্ছে নাটকীয়তা।
প্রার্থী তালিকা ঘোষণার আগেই এমন চমক দিয়ে তৃণমূল যে স্পষ্ট বার্তা দিল লড়াই হবে কড়া, এবং চমকের ঘাটতি থাকবে না। এখন দেখার, এই ‘ঘর ওয়াপসি’ ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।





