দিনহাটা, ১৭ মার্চঃ দিনহাটা বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় জনতা পার্টি-র অন্দরেই ভাঙনের ইঙ্গিত মিলল। মঙ্গলবার চৌধুরীহাট এলাকায় বিজেপির চার সক্রিয় কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
জানা গিয়েছে, সদ্য ঘোষিত প্রার্থী অজয় রায়-কে দিনহাটা ৭ নম্বর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়ার পরই এই দলবদলের ঘটনা সামনে আসে। তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের মধ্যে রয়েছেন রাখাল চন্দ্র বর্মন, সুশান্ত সরকার সহ আরও দুইজন, যারা দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
এই যোগদান প্রসঙ্গে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানান, “এই যোগদান আমাদের সংগঠনকে আরও মজবুত করবে। সাধারণ মানুষ বিজেপির বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করছেন। দিনহাটায় তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা।”
রবিবার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর সোমবারই ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি, যা নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তবে প্রার্থী ঘোষণার পরপরই কর্মীদের দলত্যাগে কিছুটা চাপে পড়তে পারে গেরুয়া শিবির, বলেই মনে করছে রাজনৈতিক মহল।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের আগে এই দলবদল কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।





