মালদা, ১৪ মার্চঃ ভোটের আগে মালদার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল এসআইআর ইস্যু ঘিরে। তৃণমূলের সংখ্যালঘু সেলের এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, ভোটার তালিকায় বিচারাধীন ভোটারদের নাম অন্তর্ভুক্ত না হলে রাস্তায় রক্তক্ষরণের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক টিঙ্কু রহমান বিশ্বাস দাবি করেছেন, বিজেপির প্রভাবেই নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় প্রায় ৭৯ হাজার বৈধ ভোটারকে ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে। ফলে তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি বলেন, এই বিচারাধীন ভোটারদের নাম শেষ পর্যন্ত তালিকাভুক্ত হবে কি না তা এখনও স্পষ্ট নয়। সেই কারণেই সাধারণ মানুষ কার্যত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে বিচারাধীন ভোটারদের আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবীদের নিয়ে বিশেষ ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন টিঙ্কু রহমান বিশ্বাস।
অন্যদিকে, এই মন্তব্যকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। মালদা দক্ষিণের বিজেপির সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের হুমকি ও ভয় দেখানোর রাজনীতি সামনে আসছে। তাঁর দাবি, এমন উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।
সব মিলিয়ে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে মালদার রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের আগে এই বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।





