খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ বাম ছাত্র সংগঠনকে ঘিরে ফের উঠল যৌন হেনস্তার অভিযোগ। এবার এসএফআই-এর এক নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সংগঠনেরই এক ছাত্রী কমরেড। অভিযুক্ত এবং অভিযোগকারিণী দু’জনেই এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসতেই সংগঠনের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে।
সূত্রের খবর, বেলেঘাটা এলাকার ওই ছাত্র নেতার বিরুদ্ধে লিখিতভাবে যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই নেতা। সেই সূত্রে দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। তবে পরে ওই নেতার অন্য একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন অভিযোগকারিণী। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসতে চাইলে ওই নেতা তাঁকে অপমান করেন এবং ‘ইন্টেলেকচুয়ালি নিম্নমানের’ বলেও মন্তব্য করেন বলে অভিযোগ।
এই ঘটনার পর ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে সংগঠনের একাংশের দাবি। অভিযোগ উঠেছে, বিষয়টি আর না বাড়ানোর জন্য তাঁকে চাপও দেওয়া হয়েছে। কারণ অভিযুক্ত ওই ছাত্র নেতা নাকি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসার দৌড়ে রয়েছেন। জানা গেছে, তিনি বেলেঘাটা এলাকার ছাত্র লোকাল কমিটির দায়িত্বে ছিলেন এবং এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য হিসেবেও যুক্ত।
উল্লেখ্য, বুধবার থেকেই এসএফআইয়ের কলকাতা জেলা সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের ঠিক আগে এই অভিযোগ প্রকাশ্যে আসায় সংগঠনের অন্দরে অস্বস্তি বাড়ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিরোধীদের দাবি, সম্মেলনের আগে বিতর্ক এড়াতেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এর আগেও বাম শিবিরে একাধিক নেতার বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছিল। প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী-কে এক মহিলার অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়। একইভাবে যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষ-কেও একই ধরনের অভিযোগে দল থেকে সরানো হয়েছিল। ফলে নতুন এই অভিযোগকে ঘিরে আবারও বিতর্কে জড়াল বাম রাজনীতি।





